রাঙামাটিতে দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটিতে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের মন্ত্রীত্বে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নাগরিক সমাজ।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখার স্বার্থে তাঁকে পুনরায় মন্ত্রিসভায় ফিরিয়ে আনার আহ্বান জানান বক্তারা।
আজ সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক নাজমা আশরাফীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দীপেন দেওয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের মতে, “পার্বত্য চট্টগ্রাম ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।” তাই তাঁর পদত্যাগপত্র বাতিল করে পুনরায় মন্ত্রীর দায়িত্বে বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মঈনউদ্দীন মিন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির সভাপতি বাঞ্চিতা চাকমা, সাবেক যুগ্মসচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, শিশির চাকমা, মানবাধিকার কর্মী লুমা লুসাইসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেন দীপেন দেওয়ান। এরপর থেকে রাঙামাটিতে তাঁর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ হয়ে আসছে। তবে নাগরিক সমাজের পক্ষ থেকে এটিই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
১৩৩ বার পড়া হয়েছে