রাজশাহীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা
সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ৭টা ৩০ মিনিট, ৯টা ৩০ মিনিট ও ১১টায় এসব সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার।
মাস্টার প্যারেড ও কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাগত দায়িত্ব পালন এবং কল্যাণমূলক বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের আবেদন ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অপরাধ পর্যালোচনা সভায় জনগণকে দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করা এবং চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া গ্রেফতারি পরোয়ানা দ্রুত বাস্তবায়ন এবং থানাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় পুলিশ সুপার উপস্থিত সকল সদস্যকে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।
১৩৮ বার পড়া হয়েছে