কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ
সোমবার, ৮ জুন, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা।
এতে সীমান্ত এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধীন রৌমারী সীমান্তের ঝাউবাড়ী ও খেয়ারচর বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তে বিএসএফের তৎপরতা লক্ষ্য করা যায়। মেইন পিলার ১০৬৮ থেকে ১০৭১ এলাকার কাছাকাছি ভারতের ১৮৩ বিএসএফ সদরটিলা ক্যাম্পের সদস্যরা কয়েকজন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে সীমান্তের দিকে নিয়ে আসে বলে অভিযোগ পাওয়া যায়।
এ ঘটনার পর সীমান্তে সম্ভাব্য অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে বিজিবি সদস্যরা দ্রুত টহল ও নজরদারি জোরদার করে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেয়।
স্থানীয় জনপ্রতিনিধি ইউপি সদস্য মো. নজরুল ইসলাম জানান, শনিবার ও রোববার রাতে বিএসএফ সীমান্ত এলাকায় আলো নিভিয়ে কিছু মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের সক্রিয় প্রতিরোধের কারণে সেই চেষ্টা সফল হয়নি।
রৌমারী খেয়ারচর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বশির আহমেদ জানান, শনিবার ও রোববার রাতের পাশাপাশি সোমবার সকালেও বিএসএফ কয়েকজন বাংলা ভাষাভাষী ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। কিন্তু বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয় জনগণের সহযোগিতায় তারা পিছু হটতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
১৪১ বার পড়া হয়েছে