কক্সবাজারে আশ্রয়দাতার শিশুকে অপহরণ, মুক্তিপণ দাবির পর উদ্ধার
সোমবার, ৮ জুন, ২০২৬ ৬:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারে মানবিক কারণে আশ্রয় দেওয়া এক পরিবারের তিন বছর বয়সী শিশুকে অপহরণের অভিযোগে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
অভিযানের মাধ্যমে মহেশখালীর মাতারবাড়ী এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে।
রোববার (তারিখ অনুযায়ী) সন্ধ্যায় পরিচালিত অভিযানে শিশুটি উদ্ধার হয়। আটক রং বাহার উখিয়ার কুতুপালং-২ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৩ জুন কক্সবাজার জেলা কারাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে এসে অসহায় অবস্থায় ছিলেন রং বাহার। মানবিক কারণে উখিয়ার স্থানীয় বাসিন্দা সাদ্দাম ও তার স্ত্রী সুমি আক্তার তাকে নিজেদের বাসায় আশ্রয় দেন।
অভিযোগ অনুযায়ী, ৬ জুন সন্ধ্যায় শিশুকে নাস্তা কিনে দেওয়ার কথা বলে তিন বছর বয়সী আরবী হোসেনকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান রং বাহার। এরপর শিশুকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
শিশুর মা সুমি আক্তার জানান, সিসিটিভি ফুটেজে অভিযুক্ত নারীকে শিশুর সঙ্গে বের হতে দেখা যায়। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে শিশুকে ফেরত দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সন্তানের নিরাপত্তার কথা বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে কয়েক দফায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় ৩৭ হাজার টাকা পাঠানো হয়। তবে টাকা পাওয়ার পরও শিশুকে ফেরত দেওয়া হয়নি এবং অভিযুক্ত নারী আত্মগোপনে চলে যান।
অন্যদিকে, আটকের পর রং বাহার অপহরণের বিষয়টি স্বীকার করলেও ভিন্ন দাবি করেছেন। তার বক্তব্য, সাদ্দাম তার মোবাইল ফোন বিক্রি করে দেওয়ায় ক্ষোভ থেকে তিনি শিশুকে নিয়ে যান। নিজের মোবাইল ফেরত পাওয়ার উদ্দেশ্যেই এমন কাজ করেছেন বলে তিনি দাবি করেন।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আলী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি দল তদন্ত ও অভিযান শুরু করে। পরে মহেশখালীর মাতারবাড়ী এলাকা থেকে শিশুকে নিরাপদে উদ্ধার এবং মূল অভিযুক্তকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার সব দিক তদন্ত করে দেখা হচ্ছে এবং আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৫০ বার পড়া হয়েছে