দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
সোমবার, ৮ জুন, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ৬৬টি নমুনায় হাম শনাক্ত হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হালনাগাদ বুলেটিনে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৯ জনে।
পরিসংখ্যান অনুযায়ী, হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২২০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ৮২ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। এছাড়া ময়মনসিংহ বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৮ জন এবং খুলনা বিভাগে ২৩ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১ হাজার ২২১ জন। এর মধ্যে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৯ জন রোগী।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি ৪৩১ জন রোগী ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম ২৩ জন রোগী ভর্তি হয়েছেন রংপুর বিভাগে।
সবশেষ তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ১২ জনে। আর পরীক্ষাগারে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৬৮৬টি নমুনায় হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
১৫৮ বার পড়া হয়েছে