জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
রবিবার, ৭ জুন, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
“পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সময় নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৭ জুন) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে মানববন্ধনের মাধ্যমে দিবসটি পালন করে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং উন্নয়ন সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি শামীমা খান। এতে বক্তব্য রাখেন ক্যাব জামালপুরের সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, সনাক সদস্য মনোয়ারা খানম, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) জামালপুর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জামালপুর শাখার সাধারণ সম্পাদক এনামুল হক, ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, সনাক সদস্য আসমাউল আসিফ এবং ইয়েস গ্রুপের সহ-দলনেতা রত্ন বারইসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রাকৃতিক সম্পদ রক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বাড়াতে কার্যকর নীতি গ্রহণ জরুরি। তারা জলাভূমি দখল ও বন উজাড় বন্ধ করে পরিবেশ নির্ভর জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া প্লাস্টিক দূষণ, অকার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা রোধে আধুনিক ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। দুর্যোগকালীন ই-বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা প্রটোকল প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়।
বক্তারা আরও বলেন, নদী, খাল ও বিল দখল-দূষণ রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিবেশ বিপর্যয় বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে বাংলাদেশে দৃশ্যমান। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে দ্রুত অগ্রসর হওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারের কঠোর পদক্ষেপ জরুরি।
১৭৩ বার পড়া হয়েছে