মুন্সীগঞ্জে জমি না দেয়ায় পিতাকে মারধরের অভিযোগে যুবক গ্রেফতার
রবিবার, ৭ জুন, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর ইউনিয়নে পিতাকে টাকা ও জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি ও পরবর্তীতে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ ইয়াছিন সাগর (২৫) দীর্ঘদিন ধরে তার পিতা মজনু খালাসীর কাছে সম্পত্তি ও অর্থ নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ৫ জুন ২০২৬ তারিখে পারিবারিক বিরোধের জেরে তিনি তার মা ও স্ত্রীকে সঙ্গে নিয়ে পিতা মজনু খালাসীকে মারধর করেন। এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে রক্তাক্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে ৬ জুন ২০২৬ তারিখে শ্রীনগর থানাধীন কেয়টখালী এলাকা থেকে অভিযুক্ত মোঃ ইয়াছিন সাগরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
৪৫৬ বার পড়া হয়েছে