রাজশাহীর দুর্গাপুরে ইটবোঝাই ট্রলির চাপায় শিশু গুরুতর আহত
রবিবার, ৭ জুন, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে ইটবোঝাই ট্রলির চাপায় সাদিকুল ইসলাম রাকিব (৩) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কয়ামাজমপুর পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার খুরশেদ আলমের ছেলে। সে তার মা শারমিন বেগমের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সকালে নিজ বাড়িতে ফেরার প্রস্তুতিকালে রাস্তার পাশে অবস্থান করার সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়।
দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দুর্ঘটনায় রাকিবের একটি হাত ও একটি পা ভেঙে গেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ট্রলিটি আটক করে এবং চালককে মারধর করে। এতে চালকও আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশুটির দুর্ঘটনার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সড়কে ভারী যানবাহন চলাচলে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
১৪০ বার পড়া হয়েছে