জামালপুরে জমি নিয়ে বিরোধ: ভাতিজার হামলায় চাচা নিহত
রবিবার, ৭ জুন, ২০২৬ ১:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৬ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের লক্ষ্মীরচর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক (৪৫) ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৈত্রিক কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল হকের সঙ্গে তার ভাতিজা সালামের বিরোধ চলছিল। শনিবার দুপুরে আব্দুল হক জমির ধান কেটে মাড়াইয়ের প্রস্তুতি নিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এ সময় সালাম, তার স্ত্রী এবং আরও কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হক ও তার স্ত্রী জুলেখা বেগমের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত হন আব্দুল হক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। আহত জুলেখা বেগমকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাতিজা রোকন মিয়া জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় তিনি নিজ বাড়িতে ছিলেন। পরে ঘটনাস্থলে এসে আব্দুল হককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৪৭ বার পড়া হয়েছে