লামায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত
রবিবার, ৭ জুন, ২০২৬ ১:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বান্দরবান জেলার লামা উপজেলায় ‘প্রকৃতি থেকে অনুপ্রেরণা : জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও কারিতাস বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উপজেলা প্রকৌশলী আবু হানিফ, লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী এবং কারিতাস বাংলাদেশের উপজেলা শাখার মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা পরিবেশ দূষণ রোধ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
১৭৩ বার পড়া হয়েছে