মাগুরায় মোবাইল রিচার্জকে কেন্দ্র করে ২ গ্রামের সংঘর্ষ, আহত ৩
শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলায় মোবাইলে টাকা রিচার্জকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাচিলাপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন এবং কয়েকটি দোকান ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামের শাহীব শেখ (৩৫) সাচিলাপুর বাজারের ‘হৃদয় টেলিকম’ নামের একটি মোবাইল রিচার্জ দোকানে যান। এ সময় ভুলক্রমে রিচার্জের পরিবর্তে মিনিট প্যাকেজ যুক্ত করা হয়। বিষয়টি নিয়ে দোকান মালিক ও শাহীব শেখের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুত দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে দারিয়াপুর গ্রামের শহীব শেখ (৩৫), তারাউজিয়াল গ্রামের প্রবল (৪০) ও শাহজাহান (৩৫) গুরুতর আহত হন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সাচিলাপুর বাজারে হৃদয় টেলিকম, মেঘা সুইটস অ্যান্ড কনফেকশনারি এবং আলম মোল্যার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। এতে এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আল নাহিয়ান, শ্রীপুর থানার ওসি মো. ওলি মিয়া এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে তাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় দুই গ্রামের মধ্যে চলমান বিরোধ সমাধান করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
১৮৬ বার পড়া হয়েছে