সাতক্ষীরায় গণসংবর্ধনায় সিক্ত হাবিবুল ইসলাম হাবিব
শনিবার, ৬ জুন, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব গণসংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদ চত্বরে আয়োজিত এ বর্ণাঢ্য গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলার শীর্ষ নেতারা নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং জেলা পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমতউল্লাহ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু। আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, মনিরুজ্জামান মনির, তাজকিন আহমেদ চিশতি, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসানসহ স্থানীয় নেতারা।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত নেতা-কর্মীদের স্মরণ করেন। পাশাপাশি রাজনৈতিক আন্দোলনে আহত ও নির্যাতিত নেতা-কর্মীদের প্রতিও সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কাউসার আজিজ আনুষ্ঠানিকভাবে হাবিবুল ইসলাম হাবিবের কাছে জেলা পরিষদের দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসক বলেন, সাতক্ষীরাকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান এবং প্রশাসনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
তিনি আরও বলেন, জেলা পরিষদের দরজা সাধারণ মানুষের জন্য সবসময় খোলা থাকবে এবং উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা হবে।
১৪২ বার পড়া হয়েছে