বাস শ্রমিককে মারধরের অভিযোগে জয়পুরহাটে পরিবহন ধর্মঘট
শনিবার, ৬ জুন, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে এক বাস শ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শনিবার (৬ জুন) দুপুর ১২টা থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
শ্রমিকরা জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং শহরের পাঁচুর মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। সংবাদ লেখা পর্যন্ত শ্রমিকরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছিলেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিম্মত আলী জানান, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস জেলার নিশ্চিন্তা এলাকায় পৌঁছালে একটি সরকারি বাহিনীর গাড়িকে সাইড দিতে বিলম্ব হওয়ার অভিযোগ ওঠে। এ সময় বাসের হেলপার সাদ্দামকে মারধর করা হয় এবং বাসের কাগজপত্র জব্দ করা হয় বলে দাবি করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে দুপুর ১২টা থেকে জেলার সকল রুটে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন শ্রমিকরা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।
১৭৪ বার পড়া হয়েছে