ময়মনসিংহে আলাদা জায়গায় বজ্রপাতে শিক্ষকসহ ২ জনের মৃত্যু
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে কলেজ শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ও দুপুরের দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম ঘটনায়, বেলা সাড়ে ১২টার দিকে মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রৌহারচর গ্রামে বজ্রপাতে খালেকুল আজাদ (৬০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ওই এলাকার মৃত ইছব আলীর ছেলে এবং স্থানীয় গাবতলী ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খালেকুল আজাদ পরিবার নিয়ে মুক্তাগাছা পৌর শহরের হৃদয়মোড়ে বসবাস করতেন। ঘটনার দিন তিনি গ্রামের বাড়ি রৌহারচরে অবস্থান করছিলেন। হাঁটাহাঁটি করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, একই দিনে সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে বজ্রপাতে সিয়াম খান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম বাড়ির আঙিনায় দাঁড়িয়ে ছিলেন। তখন আকাশ মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামও বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
১৬১ বার পড়া হয়েছে