গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্র নিহত
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ১:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সুলাইমান শিকদার (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুলাইমান শিকদার সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, সুলাইমান মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফতাব জিলানী জানান, দুর্ঘটনায় আহত শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
পুলিশ জানায়, নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৫৭ বার পড়া হয়েছে