নড়াইলে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু, লক্ষ্যমাত্রা ৫ হাজার টনের বেশি
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ১:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মাহবুব মুর্শেদ জাপল, নড়াইল-২ আসনের প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবীর, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম মাহবুবুর রশিদ লাবলু, সহসভাপতি সুলতান মাহমুদ এবং বিডিআরবির সহকারী উপজেলা কর্মকর্তা জিল্লুর রহমানসহ অন্যান্যরা।
খাদ্য নিয়ন্ত্রক খোন্দকার তাজউদ্দিন আহমেদ জানান, চলতি মৌসুমে নড়াইল সদর উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩০ মেট্রিক টন। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ৮১২ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। প্রতিজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।
এছাড়া তালিকাভুক্ত ১৯ জন মিল মালিকের কাছ থেকে ২ হাজার ৫১২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হচ্ছে। প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। পাশাপাশি প্রতি কেজি ৪৮ টাকা দরে ২০০ কেজি আতপ চালও সংগ্রহ করা হবে।
সংগ্রহ কার্যক্রম চলবে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত। এ বছর নড়াইল জেলার তিন উপজেলায় মোট ৫ হাজার ২৮৪ মেট্রিক টন বোরো ধান, ৫ হাজার ১২ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২০০ কেজি আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৫৯ বার পড়া হয়েছে