পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
বুধবার, ৩ জুন, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার পদ্মা নদীর তীর থেকে হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর-পীরপুর এলাকায় নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে স্থানীয় বাসিন্দারা নদীর তীরে পলিথিনের বস্তায় মোড়ানো একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটির হাত বাঁধা ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ জানান, এলাকাবাসীর কয়েকজনের দাবি অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে একটি মাইক্রোবাস ওই এলাকায় প্রবেশ করেছিল। স্থানীয়রা সেটিকে প্রশাসনের গাড়ি মনে করে গুরুত্ব দেননি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গাড়ি থেকে মরদেহটি ফেলে যাওয়া হতে পারে।
পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
১৫৮ বার পড়া হয়েছে