জামালপুরে পৃথক ঘটনায় কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার
বুধবার, ৩ জুন, ২০২৬ ২:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের তিন উপজেলায় পৃথক ঘটনায় এক কৃষক, এক যুবক ও এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বকশীগঞ্জ, সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলায় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর বিল এলাকার মুড়ি গ্রামে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কৃষক সানোয়ার হোসেন (৬৫)। তিনি ওই গ্রামের কমেজ আলীর ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঈদের পর থেকে জামালপুরের উত্তরাঞ্চলে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজ জমিতে ধান কাটতে যান সানোয়ার হোসেন। কাজ করার একপর্যায়ে দুপুরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।
এদিকে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে হীরা (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে সরিষাবাড়ী থানা পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
অন্যদিকে মেলান্দহ উপজেলার দাঁতভাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলো আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
২৪৫ বার পড়া হয়েছে