এনসিটিতে এক মাসে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদায়ী মে ২০২৬-এ ইতিহাস গড়ে সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছে।
বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) টার্মিনালটি পরিচালনা করছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মে মাসে এনসিটিতে মোট ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা টার্মিনালটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এ সময়ে দৈনিক গড় কন্টেইনার হ্যান্ডলিং দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ০৮১ টিইইউস।
বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, একই মাসে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ৬৪৫ টিইইউস।
গত বছরের ৭ জুলাই থেকে এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী-নিয়ন্ত্রিত চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। দায়িত্ব গ্রহণের পর থেকে টার্মিনালের কার্যক্রমে গতি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর সচিব সাঈদ রিফাত হামিম বলেন, টার্মিনালের কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে এই অগ্রগতি দেশের বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বন্দর কর্তৃপক্ষের মতে, সিডিডিএলের দক্ষ ব্যবস্থাপনা, পেশাদারিত্ব এবং নিরবচ্ছিন্ন কার্যক্রমের কারণে জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিএন্ডএফ শেডসহ বিভিন্ন গেটে কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এর ফলে কন্টেইনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের তুলনায় আরও দ্রুত সম্পন্ন হচ্ছে।
১৫৬ বার পড়া হয়েছে