কোটালীপাড়ায় চোর সন্দেহে আটককে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২৫
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর সন্দেহে তিন ব্যক্তিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।
সোমবার (১ জুন) রাতে উপজেলার ঘাঘরকান্দা-বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ওহাব গাজী (৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০), জলিল গাজী (৪৬), ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ (৩০), হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২) এবং জাহিদুল বরকতউল্লাহ (৩৮) রয়েছেন। তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় একটি ব্যাটারি চুরির অভিযোগে তিনজনকে আটক করে ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সদস্যরা। পরে তাদের কমিটির কার্যালয়ে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী কয়েকটি এলাকার লোকজন সেখানে উপস্থিত হন। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে এবং আটক ব্যক্তিরা সেখান থেকে চলে যান। এরপর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদকবিরোধী কমিটির সাধারণ সম্পাদক জসিম মোল্লা দাবি করেন, ব্যাটারি চুরির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পরে একদল লোক এসে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায় এবং ভাঙচুর করে।
অন্যদিকে, কাঠিগা-চিতশী এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পক্ষের লোকজনই হামলার শিকার হয়েছেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
১৪৪ বার পড়া হয়েছে