ভাঙ্গায় ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ের মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকাজ পরিচালনা করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, চালক ছাড়া নিহত চারজন একই পরিবারের সদস্য।
পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সড়ক দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৪১ বার পড়া হয়েছে