দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে রাঙামাটিতে বিক্ষোভ
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবরে রাঙামাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থক বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১ জুন) দুপুরে শহরের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে নেতাকর্মীরা দীপেন দেওয়ানের পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। এ সময় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের একটি অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়।
এর আগে সকাল ১১টার দিকে দীপেন দেওয়ানের পদত্যাগের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর সমর্থক নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভের প্রতিক্রিয়া দেখা দেয়। পরে তারা কাঠালতলী এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের স্বার্থে দীপেন দেওয়ানের দায়িত্ব পালন অব্যাহত রাখা প্রয়োজন। তারা তাঁর পদত্যাগ গ্রহণ না করার আহ্বান জানান।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের প্রায় তিন মাস পর পদত্যাগের সিদ্ধান্ত নেন দীপেন দেওয়ান। সোমবার সকালে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পদত্যাগপত্র গ্রহণ করা হয়।
তবে পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
১৬৫ বার পড়া হয়েছে