সর্বশেষ

সারাদেশ

হাকিমপুরে কিশোরীকে উত্যক্তের প্রতিবাদে হামলার অভিযোগ, আহত ৫

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

সোমবার, ১ জুন, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক কিশোরীকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে হামলার ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কিশোরীর বাবা ও মামা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দায়ের করা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কিশোরীর বাবা নুরুজ্জামান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত মামা মনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঈদের ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন নুরুজ্জামান ও তার পরিবার। পরে তারা নয়ানগর গ্রামে আত্মীয়ের বাড়িতে যান। সন্ধ্যায় নুরুজ্জামানের সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাহিদা আক্তার নিশি পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় বাজারে গেলে সেখানে এক কিশোর তাকে উত্যক্ত করে। এ নিয়ে কথাকাটাকাটির পর বাড়ি ফেরার পথে ওই কিশোর তার সঙ্গে অসদাচরণ করে বলে অভিযোগ করা হয়।

পরিবারের সদস্যরা বিষয়টি অভিযুক্ত কিশোরের অভিভাবকদের জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে নুরুজ্জামান ও মনোয়ার হোসেন আহত হন। এছাড়া কিশোরীর মা, মামি ও নানীও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আহতদের স্বজনরা জানান, ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কিশোরীর মা ববিতা বেগম অভিযোগ করেন, মেয়েকে উত্যক্তের বিষয়টি জানাতে যাওয়ার পর তাদের ওপর হামলা চালানো হয়। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত কিশোরের বাবা সাগর হোসেন দাবি করেন, তাদের বাড়িতে গিয়ে প্রথমে তার স্ত্রীকে মারধর করা হয়েছিল। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল ওয়াদুদ জানান, রাতে পাঁচজন আহত ব্যক্তি হাসপাতালে আসেন। তাদের মধ্যে মনোয়ার হোসেনের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নুরুজ্জামানের মাথায় আঘাতের কারণে সেলাই দেওয়া হয়েছে। আহত তিন নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরদিন কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করলে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
 

২১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন