শিবগঞ্জে ইভটিজিং ও মাদক দমনে কঠোর নির্দেশ এমপির
সোমবার, ১ জুন, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইভটিজিং, নারী হেনস্তা, মাদক ব্যবসা এবং বিভিন্ন সামাজিক অপরাধ দমনে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
সোমবার (১ জুন) সাম্প্রতিক সময়ে এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি শিবগঞ্জ থানা পরিদর্শন করেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, ইভটিজিং, নারী হেনস্তা ও নারীর প্রতি সহিংসতার মতো অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
মাদক কারবার ও মাদকসংক্রান্ত অপরাধ দমনের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান ড. কেরামত আলী। তিনি বলেন, শিবগঞ্জ থেকে মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট সকল অবৈধ কার্যক্রম নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ দমনের ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সমানভাবে আইন প্রয়োগ করতে হবে। কোনো ব্যক্তি রাজনৈতিক পরিচয়ের কারণে আইনের ঊর্ধ্বে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শিবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়টিও তুলে ধরেন সংসদ সদস্য। সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ড. কেরামত আলী বলেন, প্রশাসনের কোনো সদস্য অপরাধ বা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আইনের প্রয়োগে কোনো ধরনের পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য নয় বলেও তিনি উল্লেখ করেন।
১৪৩ বার পড়া হয়েছে