গোপালগঞ্জে ৪,৫০০ পিস ইয়াবাসহ যুবতী গ্রেফতার, ডিবির অভিযান
সোমবার, ১ জুন, ২০২৬ ৮:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বৃষ্টি মন্ডল (১৯) নামে এক যুবতীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৩১ মে) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (০১ জুন) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত বৃষ্টি মন্ডল গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের অশোক মন্ডলের মেয়ে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক চোরাচালানের একটি চালান লেনদেনের সম্ভাব্য স্থান হিসেবে ভেন্নাবাড়ী এলাকার গোপাল মন্ডলের পরিত্যক্ত একটি দোকানের সামনে গোপালগঞ্জ–টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। এ সময় অভিযান চালিয়ে বৃষ্টি মন্ডলের কাছ থেকে ৪,৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে বিক্রি করতেন।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৯৯ বার পড়া হয়েছে