কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, আহত ৩
সোমবার, ১ জুন, ২০২৬ ৮:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন পর্যটক রাব্বি (১৮), আবির (১৬) এবং পথচারী মিম (১৮)।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর এলাকার আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান, রাব্বি ও আবির নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে এসেছিলেন। সকালে তারা মোটরসাইকেলে করে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় এক পথচারীকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন এবং পথচারী আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৪৬ বার পড়া হয়েছে