কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
সোমবার, ১ জুন, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর মোহাম্মদ আবির (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে সৈকতের নাজিরারটেক উপকূল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন লাইফগার্ড সদস্যরা।
নিহত আবির ঢাকার লালবাগের শহিদনগর এলাকার বাসিন্দা এবং ইলিয়াস মুন্সীর ছেলে।
সী-সেইফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় সাগরের প্রবল স্রোতে তারা বিপদে পড়লে লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে আবির নামে অপর পর্যটক নিখোঁজ হন।
তিনি জানান, রাত পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পর্যটকের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছিল।
সোমবার সকালে নাজিরারটেক উপকূলে একটি মরদেহ ভাসতে দেখতে পান স্বজনরা। পরে তারা বিষয়টি লাইফগার্ড সদস্যদের জানালে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহিদুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
জানা গেছে, আবির তার নয় বন্ধুর সঙ্গে ঢাকায় থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। রোববার সকালেই তারা কক্সবাজারে পৌঁছে হোটেলে ওঠেন। পরে দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট এলাকায় গোসলে নামার সময় আবির সাগরের পানিতে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
সমুদ্র সৈকতে ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে লাইফগার্ডের নির্দেশনা মেনে চলার পাশাপাশি নির্ধারিত নিরাপদ এলাকায় গোসল করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫৫ বার পড়া হয়েছে