সিংড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু
সোমবার, ১ জুন, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৬টার দিকে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিনজন সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে বগুড়া থেকে আসা আমবোঝাই একটি ট্রাক আমতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর আহত সাইফুল ইসলামের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতরা হলেন নাটোর সদর উপজেলার ইসলামবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান এবং সদর উপজেলার উত্তর আলাইপুর এলাকার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৫০ বার পড়া হয়েছে