মিরকাদিমে গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন
রবিবার, ৩১ মে, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩১ মে) পৌরসভা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম ইরাদত মানু এবং মিরকাদিম পৌরসভার প্রশাসক ও মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
মিরকাদিম পৌরসভার উদ্যোগে এবং ফুল পাখি নদী সংস্থার সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গৃহস্থালি বর্জ্য যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
বক্তারা আরও উল্লেখ করেন, টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
২০৯ বার পড়া হয়েছে