নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত ৩
রবিবার, ৩১ মে, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার (৩১ মে) সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নের বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলি গ্রামের বাসিন্দা আয়নুল হকের স্ত্রী নুরজাহান (৪৫) এবং তার আট বছর বয়সী মেয়ে সুমাইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে বাইপাস সড়ক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭১ বার পড়া হয়েছে