হেলমেট ও লাইসেন্স না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
রবিবার, ৩১ মে, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এ জরিমানা আরোপ করা হয়।
শনিবার দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন শরীফ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারদিন খান প্রিন্স।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহাসড়কে অবৈধ ও অনিয়মিত যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬টি পৃথক মামলায় মোটরসাইকেল চালকদের কাছ থেকে ৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়, যাদের অধিকাংশেরই হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।
এছাড়া যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগে একটি পরিবহন কোম্পানি ‘রয়েল ট্রাভেলস’-কে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, সড়কে শৃঙ্খলা ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ট্রাফিক আইন মেনে চলা এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।
অভিযান শেষে একই দলের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন। এ সময় স্থানীয় জনগণকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
১৪৬ বার পড়া হয়েছে