মিরকাদিম পৌরসভার ২২ স্থানে পরিচ্ছন্নতা অভিযান, পরিদর্শনে জেলা প্রশাসক
রবিবার, ৩১ মে, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় পরিবেশ পরিচ্ছন্ন ও জনবান্ধব নগর ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩০ মে) পৌরসভার ২২টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অভিযান চলাকালে কার্যক্রম পরিদর্শন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার করা হয় এ কর্মসূচির আওতায়। একই সঙ্গে জেলার অন্যান্য উপজেলাতেও সমন্বিতভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার কোনো বিকল্প নেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন জেলা প্রশাসক।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের নিয়মিত উদ্যোগ পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি, স্বাস্থ্যঝুঁকি কমানো এবং নাগরিক সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০৮ বার পড়া হয়েছে