শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী কর্মসূচিতে তারেক রহমান
শনিবার, ৩০ মে, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সকাল ১১টায় তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন। জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে সমাধি প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচিতে দিনব্যাপী অংশ নেবেন তারেক রহমান। এর মধ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং বস্ত্র বিতরণ কর্মসূচিতে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জিয়ার আদর্শ ও কর্মময় জীবন স্মরণে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
১৭৪ বার পড়া হয়েছে