গাজীপুরে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুর মহানগরে ঈদের রাতে পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে মহানগরীর ভাওরাইদ এলাকায় অভিযান চালায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানা।
পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ী র্যাব ক্যাম্পমুখী সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহজনক দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মাহাবুব হাসান বাদশা নামে এক যুবককে আটক করা হয়।
অভিযানে তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি প্রাইভেটকার ও একটি আইফোন জব্দ করা হয়।
গ্রেফতার হওয়া মাহাবুব হাসান বাদশার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকায়। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৮০ বার পড়া হয়েছে