ঈদের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার, নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ
শনিবার, ৩০ মে, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহার টানা ছুটিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কক্সবাজার।
শুক্রবার বিকেল থেকে সমুদ্রসৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টসহ বিভিন্ন এলাকায় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়।
সাগরের ঢেউ, নোনাজল আর বালিয়াড়িতে ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতিতে পুরো সৈকত এলাকায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে অনেকেই উপভোগ করছেন সমুদ্রস্নান ও সৈকতের মনোরম পরিবেশ। তীব্র গরমের মধ্যেও স্বস্তির খোঁজে পর্যটকদের বেশিরভাগকে দেখা গেছে সাগরে নামতে।
শুধু সমুদ্রস্নান নয়, সৈকতসংলগ্ন বিভিন্ন বিনোদনকেন্দ্র ও দর্শনীয় স্থানেও পর্যটকদের ভিড় বেড়েছে। দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো পর্যটন নগরী।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড কর্মীরা। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সাগর কিছুটা উত্তাল থাকায় নিরাপদ গোসল নিশ্চিতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।
সী-সেইফ লাইফগার্ড সংস্থার কর্মকর্তারা জানান, সৈকতের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। ওয়াচটাওয়ার থেকে পর্যবেক্ষণের পাশাপাশি পেট্রল টিম নিয়মিত টহল দিচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত লাইফগার্ড মোতায়েন করা হয়েছে এবং পর্যটকদের সচেতন করতে মাইকিংও করা হচ্ছে।
এদিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন জানিয়েছে, ঈদ উপলক্ষে আগত পর্যটকদের নিরাপত্তায় বিশেষ টহল টিম, কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও মোবাইল ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সংশ্লিষ্টদের ধারণা, ঈদের ছুটির বাকি দিনগুলোতেও কক্সবাজারে পর্যটকদের ভিড় আরও বাড়বে। ফলে পুরো পর্যটন নগরীতে উৎসবের আমেজ অব্যাহত থাকবে।
১৭৯ বার পড়া হয়েছে