ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে স্বজনপ্রীতি নয়, মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা মির্জা ফখরুলের
শনিবার, ৩০ মে, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের উচ্চশিক্ষার অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে উন্নীত করতে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠসংলগ্ন এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের স্বজনপ্রীতি বা দলীয় প্রভাবের সুযোগ থাকবে না। সম্পূর্ণভাবে যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।
তিনি আরও বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সবাইকে একসঙ্গে আন্তরিকভাবে কাজ করতে হবে। এখানে কোনো দলীয় প্রভাব বা স্বজনপ্রীতি চলবে না।”
এ সময় তিনি ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে, যা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নতুন মাত্রা পেল বলে মনে করছেন স্থানীয়রা।
১৯৪ বার পড়া হয়েছে