৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
শুক্রবার, ২৯ মে, ২০২৬ ৪:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে কয়েকটি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শুক্রবার (২৯ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির পরও তাপমাত্রা খুব বেশি কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার এই পরিবর্তনের সময়ে প্রয়োজন ছাড়া খোলা স্থানে অবস্থান না করা, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং নদীপথে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।
১৭৭ বার পড়া হয়েছে