ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না, ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল মা-শিশুর
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মা ও তার শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (২৭ মে) রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সাথী বেগম (২৭) এবং তার ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান ওরফে হাসেন।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সাথীর স্বামী সুজন মিয়া দিনমজুর হিসেবে কাজ করেন। কখনও ইজিবাইক চালিয়ে, আবার কখনও রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে তিনি পরিবারের জীবিকা নির্বাহ করেন। ঈদুল আজহা উপলক্ষে বুধবার বিকেলে স্ত্রী ও সন্তানদের নিয়ে নরসিংদী শহরে কেনাকাটা করতে আসেন তিনি।
কেনাকাটা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার সময় নরসিংদী রেলস্টেশনের প্লাটফর্ম অতিক্রম করার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাথী বেগম ও তার শিশুপুত্র গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা ও শিশুকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী সুজন মিয়া বলেন, “আমার চোখের সামনে স্ত্রী আর সন্তানকে হারালাম। তাদের বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ঈদের আনন্দ এখন আমাদের জন্য শোকে পরিণত হয়েছে।”
নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, স্টেশনের এক নম্বর লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস স্টেশন অতিক্রম করছিল। রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনায় স্বজনদের কান্নায় হাসপাতাল ও এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
১৮৫ বার পড়া হয়েছে