কুসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সোমবার, ২৫ মে, ২০২৬ ১২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে ৮৩২ জন কর্মীর হাতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি কর্মীদের হাতে ঈদ উপহারের অর্থ তুলে দিয়ে তাদের কাজের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় ইউসুফ মোল্লা টিপু বলেন, নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঈদুল আজহার সময় নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে কুসিক সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও কুসিক ৮ ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি কর্পোরেশনের কর্মীদের প্রচেষ্টা যথেষ্ট নয়। নির্ধারিত স্থানে কুরবানির বর্জ্য রাখলে দ্রুত অপসারণ কার্যক্রম পরিচালনা সহজ হবে।
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন পরিচ্ছন্নতা কর্মীরাও। পরিচ্ছন্নতা কর্মী আবুল হাসান বলেন, আগে কখনও তারা এমন উপহার পাননি। বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়েছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও কুসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি একটি পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
১০৪ বার পড়া হয়েছে