সর্বশেষ

সারাদেশ

সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফের কারাগারে মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ২৫ মে, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিনটি হত্যা মামলায় কারাবন্দি অবস্থায় সাতক্ষীরা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফ মারা গেছেন।

সোমবার (২৫ মে) ভোররাত ৪টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের মৃত মুনসুর সরদারের ছেলে। আব্দুল লতিফ সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় বসবাস করতেন। সেখানে তার একটি পাঁচতলা ভবন রয়েছে। আইনগত জটিলতা এড়াতে তিনি উকিল কমিশনের মাধ্যমে ভবনের কয়েকটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন বলেও জানা গেছে।

এর আগে, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর খুলনার বয়রা এলাকা থেকে তার ছেলে রাসেলসহ তাকে আটক করে পুলিশ। পরে তিনটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার দুলাল কর্মকার জানান, সোমবার ভোররাত ৩টার দিকে কারাগারের ভেতরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল লতিফের মেয়ে শাম্মি বলেন, ২০২৫ সালে খুলনার বয়রা এলাকা থেকে তার বাবা ও ভাই রাসেলকে আটক করা হয়েছিল।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রহমান জানান, ভোর ৩টা ৩৫ মিনিটে বুকে ব্যথা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি-এর সুপারিশে আব্দুল লতিফ জেলা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পান। ওই সময়ে আদালতপাড়া নিয়ন্ত্রণ ও ভারতীয় গরুর খাটাল ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাত থেকে তিনি বিপুল অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আব্দুল লতিফের বিরুদ্ধে হত্যা ও নাশকতাসহ মোট আটটি মামলা দায়ের করা হয়। এছাড়া তার ছেলে রাসেলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। মামলার পর তারা গ্রেপ্তার এড়াতে খুলনায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন