সর্বশেষ

জাতীয়

ঈদযাত্রা

কমলাপুরে মানুষের ঢল, বাড়ছে ট্রেন ও সড়কপথের চাপ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ মে, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

সোমবার ভোর থেকেই পরিবার-পরিজন নিয়ে স্টেশনে ছুটে আসছেন বিভিন্ন জেলার যাত্রীরা। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনের উদ্দেশ্যে হাজারো মানুষ রাজধানী ছেড়ে গ্রামের পথে রওনা দিচ্ছেন।

কেউ দক্ষিণাঞ্চলের পথে, কেউ যাচ্ছেন চট্টগ্রাম বা সিলেট অঞ্চলে। দীর্ঘ কর্মব্যস্ততার পর বাড়ি ফিরতে পেরে যাত্রীদের অনেকের মুখে ছিল স্বস্তির হাসি। শিশুদের মধ্যেও দেখা গেছে বাড়ি ফেরার আনন্দ।

সুন্দরবন এক্সপ্রেস–এর যাত্রী জিয়ারুল ইসলাম বলেন, ঈদে বাড়ি ফিরতে পেরে তিনি আনন্দিত। তার ভাষায়, এখন পর্যন্ত যাত্রা স্বস্তিদায়ক এবং ট্রেনে ভ্রমণ তুলনামূলক আরামদায়ক।

একই ট্রেনের আরেক যাত্রী আশরাফুল ইসলাম জানান, তিনি চুয়াডাঙ্গা যাচ্ছেন। সড়কপথে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তি এড়াতে আগেই অনলাইনে ট্রেনের টিকিট কেটেছেন। তার মতে, ট্রেনযাত্রা নিরাপদ ও আরামদায়ক হওয়ায় ঈদে বাড়ি ফেরার জন্য এটি সবচেয়ে সুবিধাজনক মাধ্যম।

এদিকে কমিউটার ট্রেনের টিকিট সংগ্রহ করতে প্রতিদিনই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে যাত্রীদের। অগ্রিম টিকিটের ব্যবস্থা না থাকায় যাত্রার মাত্র দুই ঘণ্টা আগে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। ফলে কাঙ্ক্ষিত টিকিট পেতে ভোর থেকেই লাইনে অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে।

যাত্রীরা অভিযোগ করেছেন, অনলাইন বুকিংয়ের সীমিত সুযোগ, কাউন্টারে অতিরিক্ত চাপ এবং যাত্রীর তুলনায় আসনসংখ্যা কম থাকায় দুর্ভোগ বাড়ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রতি তিনটি টিকিটের বিপরীতে একটি আসন বরাদ্দ থাকে। বাকি দুটি টিকিট স্ট্যান্ডিং হিসেবে গণ্য হওয়ায় অধিকাংশ যাত্রীকে দাঁড়িয়ে ভ্রমণ করতে হচ্ছে।

ঈদ উপলক্ষে ফিরতি ট্রেনের টিকিটও অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হয়েছে। রেলওয়ের বিশেষ পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অন্যদিকে ঈদযাত্রাকে ঘিরে সড়ক-মহাসড়কেও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। তবে রোববার রাত পর্যন্ত বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। পদ্মা ও যমুনা সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

তবে সোমবার অধিকাংশ কলকারখানায় ছুটি শুরু হওয়ায় সন্ধ্যার পর যানজট বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত এলাকায় যানবাহনের চাপ বেড়েছে।

এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও ধীরগতিতে যান চলাচল করছে। মেঘনা টোল প্লাজায় ধীরগতিতে টোল আদায় এবং ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজের কারণে কয়েকটি এলাকায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে কাদা ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
 

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন