ময়মনসিংহে সবুজায়নে বৃক্ষরোপণ কর্মসূচি
সোমবার, ২৫ মে, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীকে সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ ময়মনসিংহ কমিটি ও ‘অনসাম্বল থিয়েটার’।
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
নগরীর সানকিপাড়া রেলক্রসিং সংলগ্ন এলাকায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব ও উন্নয়নকর্মী কাজী শাখাওয়াত হোসেন। দুটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও অনসাম্বল থিয়েটারের উপদেষ্টা শিল্পী তাপস মজুমদার।
উদ্বোধনী বক্তব্যে তাপস মজুমদার বলেন, জনউদ্যোগ ও অনসাম্বল থিয়েটারের এ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রত্যেক নাগরিককে অন্তত পাঁচটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
অনসাম্বল থিয়েটারের সভাপতি মো. আবুল মনসুর বলেন, জনউদ্যোগ ও আইইডির সঙ্গে সমন্বয় করে নারী, পরিবেশ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতেও কাজ অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি এ ধরনের কার্যক্রমে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় সমাজকর্মী ও মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. পারভেজ মিন্টু, জনউদ্যোগের আহ্বায়ক সারওয়ার কামাল রবিন, সদস্য কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, আইইডি ময়মনসিংহ কেন্দ্রের ব্যবস্থাপক নূর নাহার বেগম, হিসাবরক্ষক মো. নূরুল খায়ের তালুকদার, প্রোগ্রাম অর্গানাইজার সুবর্ণা দাস, নন্দিতা সাহা, রিমা পাল, অনসাম্বল সদস্য পিংকী রায়, অজিত বনিক ও উজ্জ্বল চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, যুব ও নারী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এ সময় কৃষ্ণচূড়া, কদম, কাঠবাদাম ও সজনাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতে এ এলাকা কৃষ্ণচূড়ার লাল আভা ও বিভিন্ন ফুলের সৌন্দর্যে আরও মনোরম হয়ে উঠবে।
১২৩ বার পড়া হয়েছে