সম্পত্তি বিরোধে মা-শিশু হত্যা: দুই বছর পর পুকুর থেকে কঙ্কাল উদ্ধার
রবিবার, ২৪ মে, ২০২৬ ২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সোনাইমুড়ীতে সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে মা ও শিশুপুত্রকে হত্যার দুই বছর পর তাদের কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গ্রামের আবু আমিনের বাড়ির পুকুর থেকে ভেকু মেশিন ব্যবহার করে দুটি কঙ্কাল উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কমলা বেগম (৩০) এবং তার ছেলে মো. নোমান (১০)। কমলা একই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী ছিলেন।
সিআইডি সূত্র জানায়, পারিবারিক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্র নোমানকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত ছিলেন নিহত নারীর সৎ ছেলে রাজু, সাগর এবং নাতি টিপু। হত্যার সময় শুকনো মৌসুম থাকায় লাশ গুম করার উদ্দেশ্যে তাদের বিবস্ত্র অবস্থায় পুকুরে মাটিচাপা দেওয়া হয়।
দীর্ঘ তদন্ত শেষে গ্রেপ্তারকৃত রাজু, সাগর ও টিপুর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ও নোয়াখালী সিআইডির ইনচার্জ মো. রাইছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রথমে আদালতে একটি মামলা হয়। পরে সোনাইমুড়ী থানায় একটি জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
এদিকে, স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত সৎ ছেলে ও নাতির সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবিতে স্লোগান দেন।
১১৯ বার পড়া হয়েছে