চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তের অভিযোগ স্কপের
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৯:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটির দাবি, বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল ও স্থাপনাগুলো বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার অপচেষ্টা চলছে, যা দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।
দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্কপ নেতারা এ অভিযোগ করেন। তারা বলেন, এর আগে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চেষ্টা হয়েছিল। বর্তমানে নতুন করে চট্টগ্রাম বন্দরের সিসিটি, জিসিটি এবং ওভারফ্লো ইয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের আমদানি-রপ্তানির প্রায় ৮০ শতাংশ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের মাধ্যমে পরিচালিত হয়। বন্দরের যেসব টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টা চলছে, সেগুলো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত। এসব কৌশলগত স্থাপনা বিদেশি কর্পোরেট গোষ্ঠীর নিয়ন্ত্রণে গেলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জ্বালানি ও অবকাঠামোগত নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে।
স্কপ নেতারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর একটি ‘কী পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই)’ এলাকা। বন্দরের পাশেই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কার্যালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং চট্টগ্রাম বিমানবন্দর অবস্থিত। ফলে বন্দরের নিয়ন্ত্রণ কেবল ব্যবসা বা মুনাফার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গেও জড়িত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নেতা তপন দত্ত, চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ও সাবেক সিবিএ নেতা নুরুল্লাহ বাহার, স্কপ নেতা এস এ খোদা তোতনসহ বিভিন্ন শ্রমিক নেতা উপস্থিত ছিলেন।
বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগকে জাতীয় স্বার্থবিরোধী উল্লেখ করে স্কপ দেশের শ্রমিক-কর্মচারী, রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
১২৩ বার পড়া হয়েছে