হাম মহামারী ঘোষণা ও দায়ীদের বিচারের দাবিতে মাগুরায় মানববন্ধন
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হাম পরিস্থিতিকে মহামারী হিসেবে ঘোষণা এবং এ পরিস্থিতি তৈরির জন্য অভিযুক্ত ইউনুস সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
মঙ্গলবার সকাল ১১টায় মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চের সমন্বয়কারী প্রকৌশলী সম্পা বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ফিরোজ। এছাড়াও বক্তব্য দেন আসানুর ইসলাম, শারমিন সুলতানাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বক্তারা বলেন, হাম মহামারিকে জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করে সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও আইসিইউ সেবা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে অবহেলা ও অদক্ষতার কারণে শিশুদের জীবন নিয়ে মহামারী পরিস্থিতি তৈরির জন্য দায়ীদের বিরুদ্ধে উচ্চতর তদন্ত কমিটি গঠন করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের গাফিলতি এবং চিকিৎসা খাতে চলমান অব্যবস্থাপনার কারণে হাম ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। তাদের দাবি, গত সোমবার পর্যন্ত সারাদেশে ৪৬৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং দেশের ৫৮টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে হাম প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, হাসপাতালগুলোতে পর্যাপ্ত বেড ও আইসিইউ সুবিধা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানানো হয়। বক্তারা বলেন, জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
বক্তারা আরও বলেন, কোনো সংক্রামক রোগে জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি বা মহামারি ঘোষণা করা হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) রোগটিকে রুটিন বিষয় হিসেবে না দেখে জরুরি বিষয় হিসেবে বিবেচনা করে। এর ফলে পরীক্ষার কিটসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সহায়তা পাওয়া সহজ হয়। একইসঙ্গে চিকিৎসা ক্ষেত্রে রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশে মাগুরার স্বাস্থ্যসেবার দুর্বল দিকও তুলে ধরা হয়। বক্তারা বলেন, আড়াইশ শয্যার মাগুরা সদর হাসপাতালে কোনো আইসিইউ সুবিধা নেই। ফলে জেলায় পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা অনুপস্থিত। এ কারণে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবি জানান তারা।
১২২ বার পড়া হয়েছে