ফরিদপুরে যৌতুকের জন্য স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার মামলায় স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত শাহীন মীর মালত (৩৪)কে একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (১৮ মে) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ফরিদপুর সদর উপজেলা-এর ডিক্রিরচর ইউনিয়নের সাঘা বিশ্বাসের ডাঙ্গী গ্রামের বাসিন্দা স্মৃতি আক্তার (২২)-এর সঙ্গে একই উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আজাহার মণ্ডলের পাড়া গ্রামের শাহীন মীর মালতের বিয়ে হয়। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।
অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকেই শাহীন মাদকাসক্ত হয়ে স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করতেন এবং যৌতুক দাবি করতেন। মেয়ের সংসার টিকিয়ে রাখতে ২০২১ সালে স্মৃতির পরিবার প্রায় এক লাখ টাকা দিলেও পরবর্তীতে আরও তিন লাখ টাকা দাবি করে নির্যাতন চালানো হয়।
২০২২ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যা থেকে রাতের মধ্যে যৌতুকের দাবিতে স্মৃতি আক্তারকে ঘরের ভেতর শ্বাসরোধে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। হত্যার পর ঘটনাটি গোপন করতে মরদেহ ঘরের চৌকিতে ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায়।
পরদিন স্থানীয়দের খবর পেয়ে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে ৩১ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল কোতয়ালি থানার এসআই সুজন বিশ্বাস শাহীন মীর মালতকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম রব্বানী বলেন, এই রায় যৌতুকের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সমাজে কঠোর বার্তা দেবে।
১০৫ বার পড়া হয়েছে