শিবপুর থেকে অপহৃত শিশু ২ দিন পর হবিগঞ্জে উদ্ধার
সোমবার, ১৮ মে, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে নরসিংদীর শিবপুর থেকে অপহৃত তিন বছরের শিশু উম্মে হানিকে দুই দিন পর হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চক্রের সঙ্গে জড়িত সন্দেহে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া উম্মে হানি শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব নোওয়ারা গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে। পরিবারটি শিবপুর কলেজপাড়ায় ভাড়া বাসায় বসবাস করত।
শিশুটির মা ছাকিনা বেগম জানান, একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকার সুবাদে শরিফা খাতুন নামে এক নারীর সঙ্গে তাদের পরিচয় হয়। শরিফার বাড়ি সিলেটে। তার স্বামী শিবপুরের ধানুয়া এলাকার একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত শুক্রবার সকাল ১০টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে শরিফা উম্মে হানিকে নিয়ে বের হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কোথাও শিশুটির সন্ধান না পেয়ে একই দিন সন্ধ্যায় শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করা হয়। পরে হবিগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মাধবপুর থানার সাহেব বাজার গেট এলাকা থেকে শরিফা খাতুনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে শিশু উম্মে হানিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নতুন বাজার বাগবাড়ী গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে নিজাম উদ্দিন (৪২) এবং তার স্ত্রী, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উটি গ্রামের মরহুম আলীর মেয়ে শরিফা খাতুনকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শরিফা খাতুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে