কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় উত্তেজনা: ৪ জন আহত, মামলা ও গ্রেপ্তার
সোমবার, ১৮ মে, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কিশোরী মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংঘর্ষে একই পরিবারের চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার মোল্লাবাজার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মন্টু মিয়ার ছেলে দীর্ঘদিন ধরে একই এলাকার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন বিকেলে বিষয়টি নিয়ে উত্ত্যক্তের শিকার কিশোরী বাড়িতে জানালে তার পরিবারের সদস্যরা প্রতিবাদ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে কিশোরী ও তার মা আহত হন।
পরবর্তীতে সন্ধ্যায় কিশোরীর বাবা ও নানার সঙ্গে উত্ত্যক্তকারী যুবকের পরিবারের সদস্যদের মধ্যে আবারও সংঘর্ষ বাধে। এতে দুই পরিবারের চারজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মাথায় আঘাতজনিত কাটা ও জখম রয়েছে।
এ ঘটনায় কিশোরীর ফুফু জানান, উত্ত্যক্ত ও পারিবারিক অপমানের ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়। তবে আইন হাতে না তুলে নেওয়ার প্রয়োজন ছিল বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘটনার পর তিনি উভয় পক্ষকে শান্ত থাকার এবং আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা হয়েছে। মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৩৫ বার পড়া হয়েছে