কালাপাড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল জব্দ, থানায় মামলা
সোমবার, ১৮ মে, ২০২৬ ১:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৫ মে গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত প্রায় ১১টা ৫০ মিনিট থেকে শুরু হয়ে রাত ২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ। অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে মৎস্য বিভাগ ও পুলিশ সদস্যরাও অংশ নেন।
অভিযানকালে আমিরাবাদ এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজির ২৬টি বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এছাড়া ২৪টি খালি চালের বস্তাও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া চালের মোট পরিমাণ প্রায় ৭৮০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ হাজার টাকা।
প্রশাসনের দাবি, জব্দ হওয়া চাল খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ছিল। এসব চাল অবৈধভাবে সংগ্রহ করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মহসিন রেজা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে কেনাবেচা ও মজুদের বিষয়ে অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ অভিযান চালায়।
মামলায় মো. ইমরান হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দার নামও সাক্ষী হিসেবে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
১১০ বার পড়া হয়েছে