আত্মনির্ভরতার পথে বগুড়ার নারীরা: বসুন্ধরা শুভসংঘের সহায়তা
রবিবার, ১৭ মে, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়া সদর উপজেলায় অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। তিন মাসব্যাপী বিনামূল্যের প্রশিক্ষণ শেষে তাদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যাতে তারা ঘরে বসেই আয় উপার্জনের সুযোগ পান।
রবিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ। তিনি বলেন, “নারীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগ একসাথে কাজ করলে সমাজে টেকসই উন্নয়ন সম্ভব।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যান্য প্রতিষ্ঠানকেও অনুপ্রাণিত করবে।
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি জানান, বসুন্ধরা শুভসংঘ সারাদেশে নিয়মিতভাবে দরিদ্র ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএডিসি বগুড়ার সহকারী পরিচালক মাসুদ পারভেজ, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্থানীয় রাজনৈতিক নেতা রাজু হোসেন পাইকারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারীদের শুধু সহায়তা নয়, বরং স্থায়ী আয়ের পথ তৈরি করে দেওয়া হয়েছে। এতে তারা নিজের পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারবেন এবং জীবনে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক ও শুভসংঘের সংগঠকবৃন্দ। সঞ্চালনায় ছিলেন নিউজটোয়েন্টিফোর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবু।
উপকারভোগী নারীরা সেলাই মেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন তারা ঘরে বসেই উপার্জনের মাধ্যমে সংসারের ব্যয় বহনে ভূমিকা রাখতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
এ ধরনের সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের জন্য এলাকাবাসী বসুন্ধরা গ্রুপ–এর ভূয়সী প্রশংসা করেন এবং অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও একইভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
১৩৫ বার পড়া হয়েছে